কক্সবাজার শহরের কালুর দোকান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্র এনজেল হুদা। তিনি বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে ব্যক্তিগত কাজে কালুর দোকান এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী অতর্কিতভাবে এনজেল হুদার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁর পায়ের পেছনের অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি দামি মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
আহত এনজেল হুদার বড় ভাই তারেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাইয়ের পায়ে একাধিক স্থানে পরপর ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীরা শুধু মোবাইল ও টাকাই কাড়েনি, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মৌখিকভাবে বিষয়টি জানার পর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ মেলেনি; অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















