চট্টগ্রামের বাঁশখালীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নকল চকলেট তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। এ সময় বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, বিগত ৪-৫ বছর ধরে একটি অসাধু চক্র বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নকল চকলেট তৈরি ও বাজারজাত করে আসছিল। এসব চকলেটে ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহার করা হতো, যা শিশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অভিযানকালে ৫ কার্টন সফট ক্যান্ডি, ৫ লক্ষ পিস ওটস বার প্যাকেট, ১ লক্ষ ৪০ হাজার পিস মোড়ক, কুমারিকা তেল এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল চকলেটসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে কারখানাটি সিলগালা করা হয়।
এ সময় মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মো. রুহুল আমীন বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং এ ধরনের অবৈধ ও ক্ষতিকর চকলেট পণ্যের উৎপাদন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















