চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক

পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক

পেকুয়া সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৬ | ৪:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাটকাঠিবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। এতে ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার বিপুল পরিমাণ পাটকাঠি ছাই হয়ে গেছে। তবে দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার।
 
 
বুধবার (৪ নভেম্বর)  দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ট্রাক ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে আনা পাটকাঠিগুলো শিলখালীর কাছারিমোড়া এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটিতে অতিরিক্ত উচ্চতায় পাটকাঠি বোঝাই করা হয়েছিল।
 
 
স্থানীয়দের ধারণা, আইডিয়াল স্কুলের সামনে সড়কের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে পাটকাঠির সংস্পর্শ হলে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়।
 
 
আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাকটি থামিয়ে হেলপারসহ নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রাক ও অধিকাংশ পাটকাঠি পুড়ে যায়।
 
 
উলফুল ও পাটকাঠি ব্যবসায়ী সমিতির নেতা নুরুল হোসেন বলেন, দুর্ঘটনায় মালামালসহ পুরো গাড়িটি পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও হেলপার।
 
 
পেকুয়া ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ট্রাকটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট