চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় আ. লীগের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

চকরিয়ায় আ. লীগের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

১৪টি মোটরসাইকেল জব্দ

 চকরিয়া সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশি অভিযানে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করেছে। 
 
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। 
 
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়।  দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে সেখান থেকে আসামিদের গ্রেপ্তার করে। 
 
গোপনীয় সূত্রে পুলিশ জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী ওই মাছের প্রজেক্টে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়।
 
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ৯ জনসহ মোট ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোপন তৎপরতা রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট