টেকনাফে সোলার ল্যাম্পের খুঁটি কেটে অপসারণের মাধ্যমে বৈদ্যুতিক সমস্যা সৃষ্টির অভিযোগে নূরুল আমিন (২৮) নামে এক রোহিঙ্গাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ও এ/১০ ব্লকসংলগ্ন লেকের পাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফের শালবাগান এপিবিএন ক্যাম্পের টহল দল দায়িত্ব পালনকালে সোলার ল্যাম্পের খুঁটি কেটে অপসারণের মাধ্যমে বৈদ্যুতিক সমস্যা সৃষ্টির অভিযোগে নূরুল আমিনকে আটক করে।
সিআইসি কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান সরকারি আদেশ অমান্য করায় তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্টে সাজা প্রদানের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















