চট্টগ্রামের রাউজানে একটি কাপড়ের ওপর সারি দিয়ে সাজানো আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর সঙ্গে দেয়া পোস্টে অস্ত্রগুলো অবৈধ এবং থানা থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে। একসঙ্গে এতগুলো অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “খেলা- দেখছ কোথায়? প্রস্তুত থাক। নোয়াপাড়ায় তোদের অস্তিত্ব উল্টে ফেলব। তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট।” এ সময় তাঁকে পিস্তলগুলোর ওপর আঙুল নাড়তেও দেখা যায়। ভিডিওতে আরও বলতে শোনা যায় ’সময় থাকতে ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। তোদের অবস্থা খুব খারাপ করে ফেলব বলে দিলাম। আমি তুফান।” তবে এই হুমকিটি ঠিক কার বা কাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তা ভিডিও থেকে স্পষ্ট হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ওই যুবকের নাম হৃদয় ওরফে ‘হৃদয় বুলেট’। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ পাড়া এলাকার বাদশার ছেলে। তাঁর বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উঠেছে। ভাইরাল পোস্টেও তাঁর বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে দেখছি।”
ওসি আরও জানান, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিকে প্রাথমিকভাবে বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগেও তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন। ভিডিওটির উৎস এবং অস্ত্রগুলোর সত্যতা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ভিডিওটির সত্যতা ও উৎস খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ



















