চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৬ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলার উখিয়ার ইনানীস্থ তারকা মানের এক হোটেলের তরুণী কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সুমি আক্তার মীম (২৪)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার ইনানী সংলগ্ন শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে উখিয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।
 
নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের মেয়ে। তিনি ইনানীর পাঁচ তারকা হোটেল ‘সি পার্ল’-এ কর্মরত ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাড়া বাসার ভেতর সুমির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে কক্ষের দরজা কেটে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে নিহতের জাতীয় পরিচয়পত্র ও হোটেল সি পার্লের আইডি কার্ড জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
 
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট