কক্সবাজারের টেকনাফে অনুমতি ছাড়া অন্য ক্যাম্পে অবস্থানের দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নাজমুল হাসানের এফসিএন নম্বর ১৮২২৫৫।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার জানান, ক্যাম্পের এ/২ ব্লক এলাকায় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করে রাখে। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ক্যাম্প-৫-এর বাসিন্দা হয়েও ২৪ নম্বর লেদা ক্যাম্পে অবস্থানের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত ৯টার দিকে তাকে ২৪ নম্বর ক্যাম্পের সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















