চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

স্বজনপ্রীতি সহ নানা অভিযোগে লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে স্থগিতাদেশ

স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে স্থগিতাদেশ

লোহাগাড়া সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৬ | ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে মনোনীত সার ডিলারদের নিয়োগ নিয়ে ওঠা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে চুক্তি স্বাক্ষরের পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে সার ডিলার নিয়োগসংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং কমিটির সদস্য সচিব ও উপপরিচালক স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা জারি করা হয়।
 
স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে মনোনীত সার ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দ্রুত অভিযোগগুলো তদন্ত করে নীতিমালা অনুযায়ী সার ডিলারদের বিষয়ে চুক্তি স্বাক্ষরের পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
 
এর আগে গত ১২ অক্টোবর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু স্বাক্ষরিত কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত আবেদন করা হয়। ওই আবেদনে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের জোরালো অভিযোগ এনে নিয়োগের তালিকা বাতিলের দাবি জানানো হয়।
 
আবেদনে আরও অভিযোগ করা হয় যে, উপজেলার কয়েকটি ইউনিয়নে মনোনীত সার ডিলারদের তালিকায় রাজনৈতিকভাবে বিতর্কিত ও সরকারবিরোধী কর্মকাণ্ডে অতীতে জড়িত ব্যক্তিরাও স্থান পেয়েছেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুরো তালিকা পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান নেতারা।
 
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা হাতে পেয়েছেন এবং সেই অনুযায়ী সারের ডিলার নিয়োগের পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট