কক্সবাজারের পেকুয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষে চাপা পড়ে জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন সদর ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে তাঁর চাচা চইরভাঙা স্টেশন থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পেকুয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের রিকশার সংঘর্ষ হয়।
এ সময় জামাল হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















