চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাসের ধাক্কায় আইআইইউসি শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

৩ নভেম্বর, ২০২৬ | ২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তারা এ অবরোধ শুরু করেন। এর আগে সকাল ৯টায় সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুসফিয়াত বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

এর আগে আজ সকাল সোয়া ৯টায় উপজেলার সোনাইছড়িতে অবস্থিত আইআইইউসি গেটের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাইশা ও তার কয়েকজন সহপাঠী ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি লোকাল বাস এসে তাদের সামনে দাঁড়ায়। এক পর্যায়ে মাইক্রোবাসের পেছনে আসা লরি মাইক্রোবাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বাসটির উপর পড়ে গেলে সড়কের পাশে থাকা তিন শিক্ষার্থী চাপা পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীর সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে সেখানে মাইশার মৃত্যু হয়। আহত অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনার পর মাইশা মারা যায়।

এদিকে আইআইইউসির ইংরেজী চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান সাংবাদিকদের জানান, মাইশাসহ অন্য কয়েকজন শিক্ষার্থী বাড়ি থেকে এসে বাস থেকে নামার পরই গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এদিকে, দুর্ঘটনার পর এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হলে থানা ও হাইওয়ে পুলিশ মহাসড়কে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার পর আমরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে একজন মারা যায়। আমরা দুর্ঘটনাকবলিত লরি ও বাসটিকে থানায় নিয়ে এসেছি। এখন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যানজট সৃষ্টি হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট