কক্সবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে পাঁচ মাংসের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তার মাথা এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দৃশ্যমান স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মায়ের দোয়া মাংস বিতান’, ‘সততা মাংস বিতান’, ‘সততা মাংসের দোকান’ এবং ‘আব্দুল্লাহ মাংস বিতান’কে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত স্থানে মূল্য তালিকা না ঝুলানোর দায়ে ‘হায়াত স্টোর’ নামের অপর একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক ওজনে পণ্য বিক্রি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করা হয়। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
অভিযানে কক্সবাজার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম ও জেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ



















