চট্টগ্রামের সীতাকুণ্ডে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তার পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বিকে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার হাতে ফুল, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে। তার পরিবারের বর্তমান সংকটের কথা বিবেচনা করে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে। এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পূর্বকোণ/রানা/পারভেজ



















