কক্সবাজারের সেন্টমাটিনে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩টায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার গভীর রাতে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে সেটিকে ধাওয়া দিয়ে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ও ১২ জনকে আটক করা হয়। উদ্ধার সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর


















