চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২

লোহাগাড়ায় ৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২

লোহাগাড়া সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর স্বরুপ কান্তি দাশ (৫০) নামে এক স্কুলশিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত ছুরি, গামছা, পাঁচ লাখ টাকার একটি চেকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
 
 
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
 
 
উদ্ধার শিক্ষক স্বরুপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় বসবাস করেন।
 
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন স্বরুপ কান্তি দাশ। সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
 
 
পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী জেলী চৌধুরীকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। স্বামীকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
 
 
পরবর্তীতে কয়েক দফায় ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তার কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। পরিবারের পক্ষ থেকে দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলে।
 
 
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লোহাগাড়া থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান শনাক্ত করে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সী পাড়ার রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)।
 
 
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার দুজন আগে স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাড়ায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে শিক্ষককে অপহরণের পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন তারা। 
 
 
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট