চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২ 

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২ 

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। 
 
 
নিহত ট্রাকের হেল্পারের নাম মিলন (২০)। আহতরা হলেন-ট্রাকের চালক মানিক (৩৫) ও অপর হেলপার বিল্লাল (৩৭)।
 
 
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারৈয়ারহাটের মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 
 
 
পুলিশ সূত্রে জানা যায়, পজেলার বারৈয়ারহাটের মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯৫) হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৩১০) সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন। এ সময় চালক ও অপর হেলপার গুরুতর আহত হন।
 
 
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
 
 
বারৈয়ারহাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন তিতাস জানান, ভোরে দুইটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ তাদের উদ্ধার করেন তারা। পরে পুলিশের সহযোগিতায় ট্রাক দুইটি থানা নিয়ে যাওয়া হয় এবং উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
 
 
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, চট্টগ্রামমুখী লেনে দুটি ট্রাকের সংঘর্ষের খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পান তারা। ঘটনাস্থলে গিয়ে পেছনের ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট