চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

চুয়েটে আবারও শাটডাউন, আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
শিক্ষার্থীদের মিছিল

চুয়েটে আবারও শাটডাউন, আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

রাউজান সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৬ | ১২:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ সোমবার (২ নভেম্বর) আবারও শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কয়েক দিনের মাথায় আবারও এই ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে অন্য একজন শিক্ষককে তাঁর রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) এক দিনের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের এই ঘোষণা দিয়েছেন তাঁরা।

রোববার (১ নভেম্বর) বিকেলে এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা জানান, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিজেদের শিক্ষাজীবনের ক্ষতির কথা বিবেচনা করে তাঁরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। কিন্তু এতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে, এমনটি ভাবার সুযোগ নেই। নতুন উপাচার্যের কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো উদ্যোগও তাঁরা সমর্থন করবেন না। অথচ তাঁর অনুপস্থিতিতে অন্য একজনকে রুটিন দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তাঁদের পূর্বঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর শিক্ষার্থীরা পড়াশোনার স্বার্থে ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে তাঁদের অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার বিষয়টি তাঁরা মেনে নিতে পারছেন না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই সোমবার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ইউজিসির সভায় অংশ নিতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ঢাকায় থাকবেন। তাঁর অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেল থেকে আজ সোমবার সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় নিজের দায়িত্বের পাশাপাশি উপাচার্যের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কাজ দেখভাল করবেন তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, দাপ্তরিক কাজে তিনি ঢাকায় যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন। অন্যদিকে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বিষয়টিকে ‘রেগুলার ইস্যু’ বলে মন্তব্য করেন।

চুয়েটে উপাচার্যকে ঘিরে চলমান বিরোধের সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। সেদিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। টানা ৩৬ দিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর রোববার পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলছিল।

এর মধ্যে গত ১২ অক্টোবর ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়েন নতুন উপাচার্য। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তিনি ক্যাম্পাস ছাড়েন। এর আগে ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকেও উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে সম্প্রতি ইউজিসির ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি চুয়েটে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছেন। শিক্ষার্থীরা কমিটির কাছে তাঁদের দাবি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। আলোচনার ভিত্তিতে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কথা রয়েছে কমিটির।
তবে সংকট নিরসনে এখনো দৃশ্যমান কোনো সমাধান আসেনি।

অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সোমবারের শাটডাউনের পরও প্রয়োজন হলে আরও কঠোর শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট