রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো মুখোমুখি গোলাগুলিতে জড়িয়েছে পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ।
রবিবার (০১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকায় এ নতুন সংঘাতের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে পুনরায় গোলাগুলি শুরু হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল পৌনে ৪টার দিকে গোলাগুলি হয়। এলাকাটি দুর্গম এবং আশপাশে বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।
এর আগে শনিবার দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও কোনো পক্ষই তা স্বীকার করেনি।
সংঘাতের কথা গণমাধ্যমকে স্বীকার করে সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের লাঙ্গলমারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর থেকে দুর্গম সাজেক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















