চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট : আহত ৩

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট : আহত ৩

চকরিয়া সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৬ | ৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। 

রবিবার (১ নভেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফকির চাঁদ দের ছেলে নারায়ণ কান্তি দের (৪৫) বসতবাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ ওই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

১০-১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে জানিয়ে ভুক্তভোগী নারায়ণ কান্তি দে বলেন, ডাকাতরা ঘরে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমি, আমার বড়ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং বড়ভাইয়ের ছেলে প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হয়েছেন। পরে ডাকাতরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।

খবর পেয়ে দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। ভুক্তভোগী পরিবারের পাশে আমরা আছি এবং এলাকায় নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডাকাতদের চিহ্নিত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট