কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
রবিবার (১ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ এবং উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
অভিযানে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। একই দিন দুপুরে থাইংখালী গজোঘোনা এলাকায় অভিযান চালিয়ে করাতকলে ব্যবহৃত যন্ত্র জব্দ করা হয়। এ সময় মোট ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। তবে বাকি স্থাপনাগুলো স্বেচ্ছায় সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো অপসারণ করা না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















