চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘রয়েল ফার্মেসি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বটতলী মোটর স্টেশনের স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ফার্মেসি মালিক মিনহাজ উদ্দিন আমিরাবাদ এলাকার ফরিদুল আলমের ছেলে।
জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মিনহাজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















