চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৬ | ১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
 
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান চালানো হয়।
 
 
গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকার মিয়া মেম্বারের বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।
 
 
রবিবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় জেলা পুলিশ। 
 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘Made In USA’ লেখা রয়েছে। এ সময় পিস্তলের সঙ্গে সংযুক্ত পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 
 
এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৮, তারিখ ৩১ অক্টোবর ২০২৬। অস্ত্র আইনের ১৯এ/১৯এফ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট