চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফটিকছড়ি সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। 
 
 
 
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) ও মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪)।
 
 
 
পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি করে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করেন।
 
 
এরপর গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন গ্রেপ্তার পাঁচজনকে দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
 
 
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 
 
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট