চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ

ফটিকছড়িতে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ

ফটিকছড়ি সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের নার্সারি সড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  
 
 
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না এবং তার চুল ছিল লম্বা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাকে জানান। পরে তিনি পুলিশকে অবহিত করেন। 
 
 
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট