চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের গবেষণাধর্মী সাংবাদিকতার পথিকৃৎ আহমদ গিয়াস আর নেই

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

কক্সবাজার সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৬ | ৫:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিক, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ গিয়াস আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শহরতলির বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

শিক্ষাজীবনে বিজ্ঞানের ছাত্র আহমদ গিয়াস মেধা ও মননের ছাপ রেখেছিলেন। স্কুল ও কলেজ জীবনে বহু দেয়ালিকা প্রকাশনা এবং বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনে তার অগ্রণী ভূমিকা ছিল। পরবর্তীতে পেশাদার সাংবাদিকতায় যুক্ত হয়ে তিনি সমুদ্র, জীববৈচিত্র্য, পাখি ও পরিবেশ নিয়ে ব্যাপক অনুসন্ধান ও গবেষণামূলক সাংবাদিকতা শুরু করেন। বিশেষ করে বঙ্গোপসাগর ও কক্সবাজারের সমুদ্র-বাস্তুতন্ত্র নিয়ে তার গভীর জ্ঞান ও তথ্যভিত্তিক প্রতিবেদন সর্বমহলে প্রশংসিত ছিল।

জীবনের শেষ দিনগুলোতে তিনি শহরতলির এলাকায় অত্যন্ত সাদামাটা ও সাদাসিধে জীবনযাপন করতেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম চকরিয়া উপজেলার খুটাখালীতে নিয়ে যাওয়া হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর আকস্মিক প্রয়াণে কক্সবাজারের সাংবাদিক সমাজ, পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট