চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস সিএনজি অটোরিকশা করে নিয়ে যাওয়ার সময় চালককে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাংসভর্তি সিএনজিসহ চালককে আটক করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
আটক আবদুর রহিম (৩৫) বাঁশখালী উপজেলার চাঁনপুর এলাকার আবদুস সালামের ছেলে।
গরুর মালিক আরিফ মিয়া জানান, রাতে তিনি গোয়ালঘরে পাঁচটি গরু বেঁধে ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে মসজিদের মাইকে গরু চুরির ঘোষণা শুনে তার ভাই গোয়ালঘরে গিয়ে দেখেন একটি গরু নেই। চুরি হওয়া গরুটি শাহীওয়াল জাতের। এর ওজন আনুমানিক দুই মণ এবং বাজারমূল্য ৮০ হাজার থেকে এক লাখ টাকা।
আরিফ মিয়া বলেন, সকালে পাহাড়ের ক্ষেতে যাওয়ার পথে স্থানীয় কৃষকেরা পাহাড়ের পাদদেশে একটি সিএনজি অটোরিকশায় তিনজনকে গরুর মাংস নিয়ে যেতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের আটকানোর চেষ্টা করলে দুজন পালিয়ে যান। পরে একজনকে মাংসভর্তি সিএনজিসহ আটক করা হয়।
আরিফ মিয়া জানান, উদ্ধার করা গরুর মাথা দেখে তিনি সেটি নিজের চুরি হওয়া গরু বলে শনাক্ত করেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাংসভর্তি সিএনজিসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/প্রান্ত



















