চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মিনি ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক এসআই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন-এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রশাসনিক কারণে একজন এসআই ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখতে এ পদক্ষেপ সহায়ক হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটের পূর্ব পাশে সড়কে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে একটি মিনি ট্রাক থামতে বাধ্য হয়।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, পুলিশ সদস্যরা ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন একটি এলপিজি স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে রাখা তিনটি পোঁটলা থেকে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়া হয়।
নাছির আরও অভিযোগ করেন, ইয়াবা সরানোর পরে ট্রাকের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয়। এ ছাড়া তাকে মারধর ও জিজ্ঞাসাবাদ করেছেন বলেও অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা লুটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
পূর্বকোণ/প্রান্ত


















