কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে শান্ত (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৫ জন শিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইনানী সৈকতের ‘নারী পয়েন্ট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানায়, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা থেকে ১৫-১৬ জনের একটি শিক্ষার্থী দল কক্সবাজার ভ্রমণে আসে। দুপুরে তারা ইনানী সৈকতের নারী পয়েন্টে একসাথে সমুদ্রে গোসলে নামে। এ সময় ভাটার টানে কয়েকজন শিক্ষার্থী গভীরে তলিয়ে যেতে থাকলে তাদের চিৎকার শুনে উদ্ধারকর্মীরা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয়দের সহযোগিতায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও শান্ত নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে উদ্ধারকারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর


















