হাটহাজারীর হালদা নদীতে মিঠা পানির প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের ৪টি অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে হালদা নদীর রামদাস মুন্সির হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২০০০ মিটার যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী বুধবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে জব্দ করা জালগুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।
পূর্বকোণ/নুসরাত


















