চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

লোহাগাড়া সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘোষণা দেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তার দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় ফারুক জামায়াতের কট্টরপন্থী সমর্থক বলে জানা গেছে। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।
 
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি। তাই তিনি গত সোমবার রাতেই দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন। গোসল করার সময় একদল লোক পাশে হাততালি দেন। গোসল করার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
গোসলের কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ভিডিও বক্তব্যে ফারুক বলেন, ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যারা দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত, ভোট চোর।’
 
জানতে চাইলে মো.ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ আমার ভালো লাগছে না। তাই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছি।’
 
লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি আ.ন.ম নোমান জানান, ফারুক আমাদের একজন সমর্থক। তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। কোন কারণে তিনি হয়ত কষ্ট পেয়েছেন। তবে তিনি আমাদের দলীয় কোন দায়িত্বে নেই।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট