চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা চালু করতে কাজ চলছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন। সেখানে শিল্পাঞ্চলটির দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে সকাল ১১টার দিকে তিনি কেইপিজেড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।
প্রথম কারখানা চালুর বিষয়ে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে,মঙ্গলবার রাতে কেইপিজেডে অবস্থান করেন বিজন কান্তি সরকার। বুধবার সকালে কেইপিজেড পরিদর্শন শেষে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান। সেখানে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার,প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর


















