চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি অটোরিকশা চুরি

বোয়ালখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি অটোরিকশা চুরি

বোয়ালখালী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ২:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোরলা এলাকার আব্বাস আলী ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
 
চুরি হওয়া অটোরিকশাটির মালিক মো. হোসেন। তার ছেলে সম্রাট জানান, প্রায় এক মাস আগে চার লাখ ১০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন তার বাবা। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো গাড়িটি বাড়ির সামনে রাখা হয়েছিল। মধ্যরাতে সেটি চুরি হয়ে যায়।
 
 
সম্রাট বলেন, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে কাপড় বাঁধা দুই যুবককে দেখা গেছে। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ বছর। বাড়ির সামনে পাশাপাশি রাখা দুটি সিএনজি অটোরিকশার মধ্যে একটি নিয়ে যান তারা।
 
 
চুরি হওয়া অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৪-৪৮৮২। সবুজ ও হলুদ রঙের গাড়িটির ইঞ্জিন নম্বর AZZWKE13230 এবং চেসিস নম্বর MD2A27AY5KWE86961। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান সম্রাট। 
 
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট