চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়া ভূমি অফিসে তালা দেওয়ার হুমকি বিএনপি নেতার

ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডা

লোহাগাড়া ভূমি অফিসে তালা দেওয়ার হুমকি বিএনপি নেতার

লোহাগাড়া সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তালা দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম জাহেদ চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জমিসংক্রান্ত একটি বিষয় নিয়ে ভূমি অফিসে যান এটিএম জাহেদ চৌধুরী। তার দাবি, দীর্ঘদিনের একটি খতিয়ান কোনো ধরনের শুনানি ছাড়া মিস মামলার পরিপ্রেক্ষিতে টাকার বিনিময়ে খারিজ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। তাই ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা উপজেলা ভূমি অফিসে তালা দেওয়ার হুঙ্কার দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ইউএনও বায়েজিদ বিন আখন্দ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইউএনও বলেন, ভূমি অফিসে দুর্নীতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে; কিন্তু একটি সরকারি কার্যালয়ে তালা দেওয়া কোনো সমাধান নয়।

অন্যদিকে, এটিএম জাহেদ চৌধুরীর অভিযোগ, ভূমি অফিসে দিনের পর দিন দুর্নীতি ও হয়রানি চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার দাবি, অফিসের কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত।

বাকবিতণ্ডার একপর্যায়ে উপজেলা ভূমি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ইউএনও।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও উপজেলায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিসে তালা দেওয়ার হুংকারের বিষয়ে জানতে চাইলে এটিএম জাহেদ চৌধুরী জানান, আমার বাবার নামে দীর্ঘদিনের একটি খতিয়ানের নামজারি বাতিল করে টাকার বিনিময়ে অন্যজনের নামে নামজারি করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ ছাড়াও ভূমি অফিসে দিনের পর দিন দুর্নীতি ও হয়রানি চলমান থাকলে ভূমি অফিসে তালা লাগিয়ে দেওয়ার কথা বলেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, এ বিষয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট