চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌরসভার সৈয়দবাড়ি মডেল থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে মডেল থানার পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে থানা এলাকায় দুপক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতরা স্থানীয় মুরাদনগর ও সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা।
সকলের ব্যক্তিগত পর্যালোচনা ও কোন মামলা বা অভিযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি করবে না মর্মে মুচলেকা দিয়ে পরিবারের সদস্যদের অনুরোধে আটককৃতদের মঙ্গলবার সকাল ১১টায় ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেন পুলিশ।
এলাকাবাসী ও রোয়াজারহাট ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এলাকায় মারামারি, ছিনতাই, জায়গা দখল, ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ, ভাড়ায় ভীতি প্রদর্শন, জোড় করে ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে কিছু দুষ্কৃতকারী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। তারা এসব কিশোর অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, থানা এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















