ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে একটি নোহা গাড়িতে চড়ে পাঁচজন লোক আসেন। এ সময় তারা বাজারে অবস্থিত ‘রবি’ কোম্পানির একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে অভিযুক্তদের আটক করেন। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের সাইদুল ইসলাম শিমুল (৩২), কুমিল্লার লাকসামের সামছু উদ্দিন (৪১), একই এলাকার মোজাম্মেল হক (৩২), চাঁদপুরের মতলব দক্ষিণের ইউনুস (৪২) এবং কুমিল্লার লাকসামের সোহাগ (৩৪)।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আটক ব্যক্তিরা মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের সদস্য। তারা নোহা গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানের টাওয়ারের ব্যাটারি চুরি করত। তাদের বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















