চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ইন্তেকাল

পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ইন্তেকাল

পেকুয়া সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ৬:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন ইন্তেকাল করেছেন ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টায় চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার মরহুম আলহাজ কবির আহমদ সওদাগরের জ্যেষ্ঠ সন্তান।

আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এডভোকেট কামাল হোসেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের টানা তিনবারের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষক ও আইন অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পেকুয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক, শিক্ষাঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই গুণী ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তির শিক্ষক ছিলেন। পরবর্তী সময়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার দায়িত্ব পালনকালে সততা, নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএনপি ও আওয়ামী লীগ—উভয় সরকারের আমলেই তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। দলমত-নির্বিশেষে সব মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট