চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হবু স্বামীকে আপত্তিকর ছবি-ভিডিও পাঠাল সাবেক প্রেমিক

টেকনাফে নববধূর আত্মহত্যা

হবু স্বামীকে আপত্তিকর ছবি-ভিডিও পাঠাল সাবেক প্রেমিক

টেকনাফ সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

টেকনাফে কাবিননামা ও নিকাহ সম্পন্ন হওয়ার মাত্র ৩ দিন পর সাবেক প্রেমিকের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে মাহাদী আক্তার সাজু (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে। হবু স্বামীর কাছে আপত্তিকর ছবি ও ভিডিও ক্লিপ পাঠানোর জেরে সৃষ্ট অভিমানে নিজের শয়নকক্ষে একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে।

সোমবার (২৬ অক্টোবর) বাদে মাগরিব টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ খারাংখালী প্রধান সড়কের পশ্চিমে গুদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাজু ওই এলাকার সৌদি প্রবাসী রবিউল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ দিন আগে পশ্চিম মহেশখালীয়া পাড়ার জোড়া পুকুর এলাকার এক ব্যক্তির সাথে সাজুর কাবিননামা ও নিকাহ সম্পন্ন হয়। এর আগে, কক্সবাজারে অবস্থানরত মহেশখালীর এক ব্যক্তি নিজের পূর্বের বিয়ের সম্পর্ক গোপন রেখে সাজুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই ব্যক্তি সাজুদের বাড়িতে বেড়াতে এসে গোপনে তাদের কিছু ছবি ও ভিডিও ক্লিপ ধারণ করে। কিন্তু মেয়ের পরিবার ওই কথিত প্রেমিককে বিয়ে দিতে রাজি না হওয়ায় এলাকার একটি ছেলের সাথে সাজুর বিয়ের কাবিন নিকাহ সম্পন্ন করে।

আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাজুকে পুত্রবধূ হিসেবে বরের বাড়িতে তুলে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই খবর পেয়ে কথিত সাবেক প্রেমিক তাদের ধারণকৃত ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ক্লিপ সাজুর হবু স্বামীর কাছে পাঠিয়ে দেয়। হবু স্বামী বিষয়টি সাজুর কাছে জানতে চেয়ে চ্যালেঞ্জ করলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।

গতকাল সকালে সাজুর মা মিনু আরা বেগম বিষয়টি সমাধানের জন্য ওই কথিত প্রেমিকের কাছে ছুটে যান। কিন্তু মা বাড়ি ফিরে আসার আগেই, সাবেক প্রেমিকের এমন চরম বিশ্বাসঘাতকতা ও অপমানের জেরে নিজের কক্ষে চিরকুট লিখে গলায় ফাঁস দেয় সাজু। পরবর্তীতে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকায় শোরগোল পড়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ আলম জানান, আমি কাজের প্রয়োজনে কক্সবাজারে আছি। লোকমুখে শুনেছি, সাজুর সাবেক প্রেমিক তাদের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও হবু স্বামীকে পাঠায়। এর জেরে হবু স্বামী ও সাজুর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে মা বাড়িতে না থাকার সুযোগে মেয়েটি আত্মহত্যা করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট