“এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলায় ৬ হাজার ৫০০ বৃক্ষ রোপণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় হাটহাজারী পৌরসভার ভাঞ্জন ব্রিজ এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে তদারকি করা হবে। প্রতিটি গাছের সঙ্গে জৈব সার ও খুঁটি দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত পানি দেওয়া এবং গাছের সুরক্ষায় বেড়া দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, পরিচর্যার পরও কোনো গাছ মারা গেলে সেখানে পুনরায় গাছ লাগানো হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
পূর্বকোণ/প্রান্ত



















