কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ইনানীর ছোট ব্রীজ এলাকায় একটি স্থানে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থল এসেছে। আগুন এখনও (সকাল ১০টা) জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।
পূর্বকোণ/এএইচ


















