কর্নেল (অব.) অলি আহমদ কারো সাথে বেইমানি বা দলবদল করেননি; বরং দেশে উদার গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০ বছর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চন্দনাইশে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে চন্দনাইশ এলডিপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওমর ফারুক দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং দলের ইতিহাস তুলে ধরে বলেন, কর্ণেল অলি বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে ইসলামী দলগুলোকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন।
চন্দনাইশ এলডিপি নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার আলম। চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া এতে প্রধান বক্তার বক্তব্য দেন এবং স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির।
শাহাদত হোসেন মুন্না ও জমির উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন, কাজী কুতুব উদ্দিন, এলডিপি নেতা আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ইকবালুর রহমান, সামশুল ইসলাম, সাঈদ ইবনে খায়ের, মোজাম্মেল হক এবং দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি হাসান আল মাসুদ ও পৌরসভার সদস্য সচিব রবিউল করিম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















