চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আসামি ধরতে হামলার শিকার এসআরবি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আসামি ধরতে হামলার শিকার এসআরবি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চন্দনাইশ সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৬ | ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মো. আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
গত ২৪ অক্টোবর বিকেলে চন্দনাইশের চামুদরিয়া ঘাটকুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বরকল নিদাগীর পাড়ার মৃত শাহজাহানের ছেলে মো. আলমগীরের বিরুদ্ধে দুটি সাজা পরোয়ানাসহ দেশের বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে। তাকে আটকের সময় এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।
 
অভিযান চলাকালে আসামির সহযোগীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র রক্ষার্থে এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
ঘটনার পর গত ২৫ অক্টোবর রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আলমগীরের ৫ সহযোগীকে আটক করা হয় এবং পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৭ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। মূল আসামি আলমগীরকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট