রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরি মনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়।
নিহত হরি মনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের ঝুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরি মনি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎ একদল বন্য শূকর তাঁর দিকে ধেয়ে আসে। পালানোর চেষ্টা করেও শূকরের সামনে পড়ে যান তিনি। শূকরের আক্রমণে তাঁর শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই জানিয়ে জন ত্রিপুরা বলেন, তাঁরা মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহের সৎকার করবেন। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকেও জানানো হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাঁকে বিষয়টি অবহিত করেন। দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
চেয়ারম্যান আরও জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


















