চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মীরসরাইয়ে ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরি, সাত নারী গ্রেপ্তার

পূর্বকোণ ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়ের মধ্যে তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের একাংশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে ভিড় ও ঠেলাঠেলির সৃষ্টি করেন। এ সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করা হয়। চেইনগুলোর সম্মিলিত ওজন প্রায় ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।

ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন সাত নারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আমেনা খাতুন (২৫), সালমা প্রকাশ তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা প্রকাশ সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের আমিনা খাতুন (৩৬)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর ভাষ্য, তাঁরা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে মানুষের টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।

ওসি আরও জানান, গ্রেপ্তার নারীদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা নম্বর ২৫ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য রয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট