চট্টগ্রামের হাটহাজারী বাজারে নকল স্বর্ণের বালা দেখিয়ে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারক চক্রের সদস্যরা ওই নারীর দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায়।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের পাশে ত্রিবেণী মিষ্টি ভাণ্ডার মোড়ে নুরজাহান বেকারির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খালেদা বেগম একই দিন সন্ধ্যায় হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতারণার ঘটনার দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওষুধ কিনতে রবিবার দুপুর সোয়া ১টার দিকে হাটহাজারী বাজারে যান খালেদা বেগম। এ সময় ৩০ থেকে ৩২ বছর বয়সী দুই যুবক তাঁকে একজোড়া বালা দেখিয়ে বিদেশ যাওয়ার জন্য সেগুলো বিক্রিতে সহযোগিতা চান। বিনিময়ে তাঁকেও লাভের অংশ দেওয়ার প্রস্তাব দেন তাঁরা।
এরপর সেখানে আরও দুই ব্যক্তি এসে তাঁদের সঙ্গে যোগ দেন। খালেদা বেগম প্রথমে তাঁদের সোনার দোকানে যেতে বললেও একপর্যায়ে তাঁর পরনে থাকা স্বর্ণালংকারের বিনিময়ে বালাগুলো নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রতারকেরা তাঁকে জেলা পরিষদ মার্কেটের শৌচাগারের সামনে নিয়ে গিয়ে নকল বালা দুটি ধরিয়ে দেন। এ সময় তাঁর গলায় থাকা আসল স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যান তাঁরা।
ভুক্তভোগী খালেদা বেগম হাটহাজারী পৌরসভার মীরেরহাট আলমপুর গ্রামের বাসিন্দা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


















