চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে চুরির অপবাদে যুবককে বেঁধে রাতভর মারধর, আটক ২

কর্ণফুলীতে চুরির অপবাদে যুবককে বেঁধে রাতভর মারধর, আটক ২

কর্ণফুলী সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় পানি তোলার পাম্প মেশিন চুরির অভিযোগে তসকির আহমদ (৩২) নামের এক যুবককে মুঠোফোনে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর বেধড়ক মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২৫ অক্টোবর) আহত তসকির আহমদের স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো. সাদ্দাম (৪৫), মো. জসীম (৫৫), মো. ইলিয়াছ (৪৫) ও মো. শাহজাহান (৩০)। তারা সবাই চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকার বাসিন্দা।

ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকা থেকে নির্যাতনের শিকার তসকির আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

নির্যাতনের শিকার তসকির আহমদ চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে তিনি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সাদ্দাম নামের এক ব্যক্তি মুঠোফোনে কল করে তাকে চরলক্ষ্যা ইউনিয়নের বাদামতল এলাকায় ডেকে নেন। পরিচিত ব্যক্তির ডাকে রাত ১টার দিকে সেখানে পৌঁছানোর পর তার বিরুদ্ধে পাম্প মেশিন চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে সারা রাত ধরে নির্যাতন চালানো হয়। অনুরোধ করা সত্ত্বেও নির্যাতনকারীরা তাকে রেহাই দেয়নি বলে জানান তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, চোর সন্দেহে এক ব্যক্তিকে রাতভর গাছের সঙ্গে বেঁধে পিটানোর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাদ্দাম ও শাহজাহানকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট