চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মহেশখালীতে ট্রলি উল্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মহেশখালীতে ট্রলি উল্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজার বড় মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা মিয়াজীর পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মৃত তজু মিয়ার ছেলে। আনোয়ার হোসেন স্থানীয় ‘বুশরা ডেকোরেশন’ দোকানে দেড় বছর ধরে ডেকোরেশনের কাজ করতেন। মাত্র ৯ মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি গাড়ি নিয়ে ফকিরাঘোনায় যাচ্ছিলেন আনোয়ার। পথমধ্যে মিয়াজীর পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলি গাড়িটি উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুশরা ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর বলেন, “সকালেই দোকানের ৬ জন স্টাফকে বিভিন্ন কাজের জন্য পাঠিয়েছিলাম। আনোয়ারকে মালামালসহ ফকিরাঘোনা পাঠানো হয়েছিল। এমন দুঃসংবাদ আসবে কখনো কল্পনা করিনি। ছেলেটি খুব ভালো এবং পরিশ্রমী ছিল।”

নিহতের সহকর্মীরা জানান, কিছুদিন আগে কাজ করতে গিয়ে আনোয়ারের হাত ভেঙে গিয়েছিল। সুস্থ হয়ে মাত্র কদিন আগে তিনি আবার কাজে যোগ দিয়েছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ মহেশখালী হাসপাতালে রয়েছে।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট