চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করে এবং এক গৃহবধূকে সিএনজিচালিত অটোরিকশায় জিম্মি করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করা হয়। আহত হন ছিনতাইয়ের শিকার গৃহবধূও।
রবিবার (২৫ অক্টোবর) উপজেলার নুনাছড়া এলাকায় এসব ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দু’জনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর স্কুল ছাত্রী জখমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়ার নজর আলী মিস্ত্রি বাড়ির জহুরুল আলমের কন্যা স্থানীয় জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাফিয়া সুলতানা তনিমা (১৬) বিদ্যালয় সড়কে প্রাইভেট পড়তে যাবার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে ওতপেতে থাকা মুখোশধারী দুই ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে মুখে জখম, হাতে কোপ দিয়ে গলায় থাকা সোনার চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। এতে সে রক্তাক্ত অবস্থায় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এ সময় চিৎকার শুনে সহপাঠী শিক্ষার্থীরা এগিয়ে আসে। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
এদিকে আহত শিক্ষার্থী তনিমা ঘটনার বর্ণনা দিয়ে জানায়, সে প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় নুনাছড়া এলাকার জাফরনগর অপর্নাচরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার উপর পূর্ব থেকে সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকা মুখোশধারী দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা তনিমাকে ছুরি ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুলে দিতে বলে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার হাতে হাত, মুখ ও গলায় ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় রক্তাক্ত আহত তানিমার চিৎকারে তার বান্ধবীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তনিমা আরো জানায়, হামলা চালানো এই দুর্বৃত্তরা এখন থেকে তিন মাস আগেও বিদ্যালয়ে যাওয়ার পথে তনিমার গতিরোধ করে তার প্রাইভেট শিক্ষক জাহেদ সম্পর্কে বিস্তারিত জানতে চান। বিষয়গুলো পরিবারের সদস্য কিংবা শিক্ষক জাহেদকে জানাতে নিষেধ করেন। কিন্তু ঘটনার পর বিদ্যালয়ে গিয়ে তনিমা সবকিছু শিক্ষক জাহেদকে জানালে তিনি সীতাকুণ্ড থানার শরণাপন্ন হন। এরপর হয়ত তারা তনিমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এ ঘটনা ঘটিয়েছে, এমন আশঙ্কা তার।
সে আরো জানায়, এর আগে গত বৃহস্পতিবার সকালেও প্রাইভেটে যাওয়ার পথে তনিমার গতিরোধ করে তার ওপর হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু তনিমা দৌড়ে পালিয়ে যাওয়ায় সেদিন হামলা থেকে রক্ষা পায়।
এ বিষয়ে জানতে চাইলে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায় বলেন, দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে বিদ্যালয়ের দপ্তরির মাধ্যমে তিনি জানতে পেরেছেন। আগামীকাল পরিচালনা পরিষদের সভাপতি ও অভিভাবক সদদ্যের সাথে আলোচনার পর ব্যবস্থা নেবেন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোস্তফা কামাল জানান, বিদ্যালয়ের প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সে ব্যাপারে অবগত নন তিনি।
অন্যদিকে এ দুটি ঘটনা উল্লেখ করে সীতাকুণ্ড মডেল থানার ওসির কাছে হোয়াটসআপে জানতে চাইলেও তিনি কোন উত্তর দেননি।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















