চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে প্রবারণা উৎসব, ফানুস ও মহারথে মুখরিত জনপদ

বান্দরবানে প্রবারণা উৎসব, ফানুস ও মহারথে মুখরিত জনপদ

বান্দরবান সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

প্রতিবছরের মতো এবারও বর্ণিল আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। উৎসবকে কেন্দ্র করে রঙিন ফানুস তৈরি, ড্রাগনের আদলে মহারথ নির্মাণ এবং নানা সাজে সেজেছে পুরো জেলার বৌদ্ধ বিহারগুলো। পাড়ায় পাড়ায় এখন বইছে আনন্দের জোয়ার।

রবিবার (২৫ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের শুভ সূচনা হয়েছে। সন্ধ্যায় প্রধান অতিথি ফানুস বাতি উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় মারমা সম্প্রদায়ের কাছে এই প্রবারণা উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে তিন মাসব্যাপী বর্ষাব্রত পালন শেষে এই প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে তা সমাপ্ত করেন। বৌদ্ধ ধর্মানুসারীদের বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র দিনেই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে আগমন, গৃহত্যাগ এবং ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল। তাই দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

পবিত্র এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলাজুড়ে চলছে তিন দিনব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজন। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ ফানুস ওড়ানোর আয়োজন।

উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ইতিমধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে ফানুস তৈরি এবং নতুন পোশাক কেনার ধুম পড়ে গেছে। পাহাড়ি জনপদের এই মহামিলন মেলা ঘিরে পুরো বান্দরবানজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট