চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে ১৪ বছর বয়সী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।
জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে অচেতন করার পর গ্রেপ্তার ইমন ও আবছার পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর মা হোসনে আরা অভিযোগ করে বলেন, ইমন অন্য আসামিদের সহযোগিতায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















