চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও শটগান লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়, এতে তিন পুলিশ সদস্য আহত হন।
হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি করে এবং একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুণ্ঠিত শটগান ও সরকারি গাড়িটি উদ্ধার করে।
এ ঘটনায় এসআই জাহেদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তার চার আসামি ছাড়া বাকি জড়িতদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















